
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ফরিদপুরে বিভাগীয় যুবদলের উদ্যোগে এক বিশাল স্বাগত র্যালি অনুষ্ঠিত হয়েছে।
২২ ডিসেম্বর (সোমবার) বিকাল পাঁচ ঘটিকায় ফরিদপুর বিভাগীয় যুবদলের আয়োজনে অম্বিকা হলের সামনে থেকে র্যালিটি শুরু হয়। মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজের সভাপতিত্বে র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংক মোড়ে গিয়ে সমাপ্ত হয়। এসময় ফরিদপুর বিভাগের পাঁচটি জেলার যুবদলের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি রেজাউল করিম পল।
প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম পল বলেন, “আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান দীর্ঘদিন পর বাংলাদেশে ফিরে আসছেন। তার এই প্রত্যাবর্তন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তাকে স্বাগত জানাতেই আজ ফরিদপুরে এই বিভাগীয় স্বাগত র্যালির আয়োজন করা হয়েছে।”
সভাপতির বক্তব্যে মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ বলেন, “দীর্ঘ অপেক্ষার পর দেশবাসী তাদের প্রিয় নেতাকে দেশের মাটিতে দেখতে যাচ্ছে। আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি সুবর্ণ অধ্যায় রচিত হবে। তারেক রহমান এ দেশের প্রতিটি মানুষের হৃদয়ে বসবাস করেন। তার আগমনী বার্তা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে যুবদলসহ অঙ্গসংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে কাজ করবে। আমরা বিশ্বাস করি, তিনি বীরের বেশে দেশে ফিরে এসে দেশের মানুষের পাশে দাঁড়াবেন।”
অন্যান্য বক্তারা বলেন, “বিগত বছরগুলো ধরে তারেক রহমান বিদেশে অবস্থান করেও দলকে দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। আগামী দিনে তার নেতৃত্বেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে। দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় তিনি অগ্রণী ভূমিকা পালন করবেন।”
র্যালিতে আরও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণ, যুবদল নেতা কে এম জাফর, শহিদুর রহমান শহীদ, বিএম নাহিদুল ইসলাম, আব্দুল আল ফারুক রুবেলসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
শেষপর্যায়ে বিভাগীয় জেলা ভিত্তিক নেতারা বলেন, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ফরিদপুর বিভাগীয় যুবদল ঐক্যবদ্ধভাবে কর্মসূচি পালন করবে এবং আগামীর আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখবে।
স্বাগত মিছিলের পূর্বে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। বিভাগীয় নেতাকর্মীরা স্বতস্ফুর্ত ভাবে অংশগ্রহনের পাশাপাশি শৃঙ্খলার সহিত দায়িত্ব ও কেন্দ্রীয় নির্দেশনা পালনে প্রতিশ্রুতি জানান।