
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শেখ হাসিনার উন্নয়ন সাফল্যর উপর রাজবাড়ীর পাংশায় সুবিধাভোগীদের সাথে মতবিনিময় করেছেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম।
আজ মঙ্গলবার বেলা ১২ টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে বীর বিক্রম শহীদ খবিরুজ্জামান উচ্চ বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সজিব হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, সাংসদ মো. জিল্লুল হাকিম।
বিশেষ অতিথি, জেলা পরিষদ চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি খন্দকার সাইফুল ইসলাম বুড়ো। জেলা পরিষদ সদস্য গোবিন্দ কুমার কুন্ডু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, বাহাদুপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুর রহমান বিশ্বাস ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির শাকিল প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও ইউনিয়নের উপকারভোগীরা।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মো. জিল্লুল হাকিম বলেন, যাদের মাথা গোঁজার ঠাঁই ছিলো নাই, শেখ হাসিনা সরকার তাদের জমি সহ ঘর তৈরি করে দিয়েছে। গরীব মানুষকে ১৫ টাকা কেজিতে চাল কিনার সুযোগ করে দিয়েছে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালিন ভাতা, প্রতিবন্ধী ভাতা, জেলে কার্ড, টিসিবি কার্ড সহ নানান ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে শেখ হাসিনা সরকার। তিনি উপস্থিত উপকারভোগীদের বলেন, আপনার কি বিএনপিকে ভোট দেবেন? উপকারভোগীদের না উত্তর দেন এবং নৌকা মার্কায় প্রতিশ্রুতি দেন।