
পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে নাগেশ্বরীর ছাত্রদল নেতা মিজান এখন ঢাকার রাজপথে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন।
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পৌর শাখার আহ্বায়ক মোঃ মিজানুর রহমান মিজান বর্তমানে ঢাকায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়েছে। জাতীয়তাবাদী ছাত্রদলের সক্রিয় একজন তরুণ নেতার এমন জীবন সংগ্রামের বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
তথ্য সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মিজানুর রহমান মিজান ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। সংগঠনের বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখলেও পারিবারিক ও আর্থিক সংকটের কারণে তাকে জীবিকার তাগিদে ঢাকায় পাড়ি জমাতে হয়। সেখানে অন্য কোনো কাজের সুযোগ না পেয়ে সে রিকশা চালানো শুরু করেন।
তার ঘনিষ্ঠজনরা জানায়, রাজনৈতিক ব্যস্ততার পাশাপাশি সংসারের দায়িত্ব পালন করতে গিয়ে চরম আর্থিক চাপে পড়েন মিজান। পরে বাধ্য হয়েই রাজধানীতে এসে কঠোর পরিশ্রমের এই পেশা বেছে নিতে হয়েছে তাকে। বিষয়টি নিয়ে মিজানুর রহমান মিজান বলেন, যেহেতু পরিবারের দায়িত্ব আমার কাঁধে।তাই সম্মানের সঙ্গে বেঁচে থাকার জন্য যে কাজই করতে হোক, আমি সেটাই করছি। ছাত্রদল নেতা মিজান আরো বলেন, সুযোগ পেলে আবারও রাজনীতি ও এলাকার মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছে হচ্ছে আমার।
স্থানীয় রাজনীতি সংশ্লিষ্ট মহল মনে করছে, মিজানের মতো একজন সক্রিয় কর্মীর এমন অবস্থান বর্তমান সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতার একটি প্রতিফলন। ভবিষ্যতে তার জন্য আরও ভালো সুযোগ তৈরি হবে বলে তারা আশা প্রকাশ করেন।