
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের কবরুয়া গ্রামে শামসুল আলম বাবু (২৬) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। অভিযোগ উঠেছে, পারিবারিক পরকীয়ার প্রতিবাদ করায় অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে তুলে নিয়ে গেছে। বাবুর নিখোঁজের ঘটনায় গ্রামজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাবু কুয়েত প্রবাসী মোখলেস মিয়ার বড় ছেলে। সম্প্রতি তিনি তার মা ও ছোট বোনের পরকীয়াজনিত অনৈতিক সম্পর্কের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে সোমবার (৭ জুলাই) রাত ২টা ২ মিনিটে ৮-১০ জন অজ্ঞাতনামা সন্ত্রাসী তার ঘরে ঢুকে টেনে-হিঁচড়ে বাইরে নিয়ে যায়। এ সময় তাকে মারধরও করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
পরদিন সকালে এলাকাবাসী বাবুর বাড়িতে গিয়ে তার মা ও বোনের কাছে জানতে চাইলে তারা কোনো উত্তর দিতে রাজি হননি, বরং নীরবতা পালন করেন। এতে গ্রামবাসীর মধ্যে উত্তেজনা ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। অনেকেই বাবুর জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।
এ বিষয়ে স্থানীয় ওয়ার্ড সদস্য জামাল মেম্বার বলেন,
“বাবু একজন ভদ্র, নিরীহ ও সমাজে গ্রহণযোগ্য যুবক। তার বিরুদ্ধে কোনো সামাজিক বা অপরাধমূলক অভিযোগ নেই। এই ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। আমরা তার দ্রুত সন্ধান এবং জড়িতদের শাস্তির দাবি জানাচ্ছি।”
চিওড়া ইউনিয়নের সমাজসেবক তোফাজ্জল হোসেন সুমন বলেন,
“একজন যুবককে ঘর থেকে তুলে নিয়ে যাওয়া কোনো সভ্য সমাজে মানা যায় না। প্রশাসনের কাছে জোর দাবি, বাবুকে দ্রুত জীবিত উদ্ধারে ব্যবস্থা নেওয়া হোক এবং জড়িতদের আইনের আওতায় আনা হোক।”
বিকেলে চৌদ্দগ্রাম থানার এসআই আরিফিন ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বাবুর মা ও বোনকে রাত ১০টার মধ্যে থানায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। থানার একটি সূত্র জানায়, বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে। গ্রামবাসীরা জানিয়েছেন, সন্ধ্যার মধ্যে বাবুকে জীবিত উদ্ধার করা না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।