
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে ১৭ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ ধরা পড়েছে। মাছটি বিক্রি হয়েছে ১ হাজার ৫০০ টাকা কেজি দরে মোট ২৫ হাজার ৫০০ টাকায়।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে স্থানীয় এক মাছ ব্যবসায়ী মাছটি ১ হাজার ৪শ টাকা কেজি দরে মোট ২৩ হাজার ৮০০ টাকায় কিনে নেন।
জেলে জামাল হালদার জানান, বৃহস্পতিবার সকালে দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে পদ্মা-যমুনার মোহনায় জাল ফেলি। বেলা ১১টার দিকে জাল গুটিয়ে নৌকায় তুলতেই দেখি বড় একটি পাঙ্গাস মাছ। মাছটি তাৎক্ষনিকভাবে বিক্রি করতে নিয়ে আসি দৌলতদিয়া ফেরি ঘাটে অবস্থিত আনু খাঁ'র আড়ত ঘরে। এসময় উন্মুক্ত নিলামে ফেরি ঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা মাছটি নিলামে কিনে নেন।
দৌলতদিয়ার ৫ নম্বর ফেরি ঘাট এলাকার চাঁদনী-আরিফা মৎস্য আড়তের সত্বাধিকারী মো. চান্দু মোল্লা জানান, বেলা ১২টার দিকে খবর পেয়ে আনু খাঁ'র আড়তে ছুটে যাই। মাছটির ওজন দিয়ে দেখা যায় ১৭ কেজি । পরে নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে ২৩ হাজার ৮০০ টাকায় মাছটি কিনে নেই। পরে দেশের বিভিন্ন স্থানে মুঠোফোনে যোগাযোগ করে ঢাকার এক ব্যাবসায়ীর নিকট ১ হাজার ৫০০ টাকা কেজি দরে মোট ২৫ হাজার ৫০০ টাকায় বিক্রি করে দেয়। মাছটি বিক্রি করে ১ হাজার ৭০০ টাকা লাভ করেন তিনি।