
রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে জাটকা সংরক্ষণ অভিযানে এক জেলেকে আটক করেছে নৌ-পুলিশ।
বুধবার (০৪ মার্চ) বিকেলে দৌলতদিয়া এলাকার পদ্মা নদীতে জাটকা ইলিশ রক্ষা ও সংরক্ষণে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে একটি পরিত্যক্ত ৫০ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়। একই সময় ৩০০ মিটার কারেন্ট জালসহ এক জেলেকে আটক করা হয়। আটক ব্যক্তি মো. রহিম শেখ (৪৫)। তিনি আমিনপুর থানার মাসুন্দিয়া ইউনিয়নের তালিব নগর এলাকার বাসিন্দা এবং মৃত হোসেন শেখের ছেলে।
নৌ-পুলিশ জানায়, গোয়ালন্দ উপজেলার কুশাহাটার চর এলাকায় অভিযান চালিয়ে এসব জাল উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা ৫০ হাজার মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা জানান, আটক জেলের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হচ্ছে।
জাটকা সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।