
গোয়ালন্দ পাক দরবার শরীফের পীর মো. নুরুল হক (৮৫) আর নেই। সারা দেশের ভক্তদের মাঝে তিনি নুরু পাগলা হিসেবে পরিচিত ছিলেন। শনিবার (২৩ আগস্ট) ভোর সাড়ে ছয়টায় ঢাকার পপুলার হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।
তিনি রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। কৈশোর থেকে মাটির বদনা বাজিয়ে গান বাজনা করলেও পরবর্তী সময়ে তিনি অসংখ্য ভক্ত ও অনুসারী সৃষ্টি করেন।
মৃত্যুকালে তিনি দুই ছেলে, ২ মেয়ে ও এক স্ত্রীসহ অসংখ্য ভক্তবৃন্দ রেখে যান। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সারা দেশ থেকে হাজার হাজার ভক্তবৃন্দ গোয়ালন্দে তার পাক দরবার শরীফে হাজির হয়ে শোক প্রকাশ করেন।
শনিবার বিকেল ৫ টায় জানাযা শেষে গোয়ালন্দ দরবার শরীফে তার মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।