কুড়িগ্রামের নাগেশ্বরী মহিলা কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ জালাল উদ্দিন সম্প্রতি ‘ডেবিল হান্ট’ অভিযানে পুলিশের হাতে আটক হয়ে ৩৬ দিন কারাভোগের পর প্রশাসনিকভাবে বরখাস্ত হন। তবে বরখাস্তের পরও তিনি কলেজে নিয়মিত দায়িত্ব পালন করে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
আইন অমান্য করে পুনরায় দায়িত্ব পালন করায় ক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থী, এলাকাবাসী ও সচেতন নাগরিক সমাজ। অভিযোগ রয়েছে, কলেজ গভর্নিং বডির সভাপতি মোঃ আইয়ুব আলী বরখাস্ত হওয়া অধ্যক্ষকে পুনর্বাসনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। উপস্থিত বিক্ষোভকারীরা তারও অপসারণ দাবি করেছেন।
৮ জুলাই (মঙ্গলবার) সকাল থেকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা কলেজ প্রাঙ্গণে জড়ো হয়ে অধ্যক্ষের অপসারণ দাবিতে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে তারা অধ্যক্ষের অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেন।
স্থানীয় কয়েকজন ছাত্রনেতা বলেন, “একজন অভিযুক্ত ব্যক্তি, যিনি কারাভোগ করেছেন এবং বরখাস্ত হয়েছেন, তিনি কীভাবে আবার দায়িত্বে ফিরে আসেন—এটা আমরা মেনে নিতে পারি না। এটা শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ কলুষিত করছে।”
অন্যদিকে কলেজের কয়েকজন শিক্ষক জানান, তাঁরা বিষয়টি কলেজ পরিচালনা কমিটি ও সংশ্লিষ্ট দপ্তরকে লিখিতভাবে অবহিত করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা—দুজনেই মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।
এলাকাবাসী ও ছাত্রদের দাবি, অবিলম্বে বিতর্কিত অধ্যক্ষকে অপসারণ করে যোগ্য কাউকে দায়িত্ব দিতে হবে, যাতে ঐতিহ্যবাহী নাগেশ্বরী মহিলা কলেজের সুশৃঙ্খল পরিবেশ বজায় থাকে।