
ডুমুরিয়ায় অবৈধভাবে সার মজুদ ও ন্যায্য মূল্যে কৃষকদের মাঝে সার বিক্রি না করার দায়ে খুচরা দুই বিক্রেতাকে জরিমানা করা হয়েছে।
রবিবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে চুকনগর বাজার এলাকায় ডুমুরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অপ্রতিম কুমার চক্রবর্তী অভিযানটি পরিচালনা করে।
জানা যায়,উপজেলার চুকনগর বাজারস্থ যতিন কাশেম রোডে বাদামতলা মোড় এলাকায় মেসার্স জালাল ট্রেডার্সে অবৈধভাবে সার মজুদ রাখার অপরাধে প্রতিষ্ঠানের মালিক জাহিদুল ইসলাম মোড়লকে নগদ ১০ হাজার টাকা জরিমানাসহ ৩৮৮
বস্তা ইউরিয়া, ৪৬ বস্তা টিএসপি, ২০ বস্তা ডিএপি ও ২৯ বস্তা এমওপি মজুদ সার জব্দ করা হয়।
এছাড়া কৃষকদের মাঝে ন্যায্য মূল্যে সার বিক্রি না করার অপরাধে ও স্টক রেজিস্ট্রার ব্যবহার না করায় মালতিলা এলাকায় মেসার্স সুকর্ণ ট্রেডার্সের মালিক সুকর্ণ কুমার ঘোষকে নগদ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সহকারি কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তী জানান, সার মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করায় সার ব্যবস্থাপনা আইনে জাহিদুর মোড়লকে ১০ হাজার টাকা জরিমানাসহ ৩৭৫ বস্তা বিভিন্ন মজুদ সার জব্দ করা হয় এবং কৃষকদের মাঝে ন্যায্য মূল্যে সার বিক্রি না করার অপরাধে ব্যবসায়ী সুকর্ণ ঘোষকে ভোক্তা সংরক্ষণ আইনে ২০ হাজার নগদ জরিমানা করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন। জব্দকৃত সার চুকনগর বাজার কমিটি ও ইউনিয়ন পরিষদের জিম্মায় রাখা হয়েছে।
এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইনসাদ ইবনে আমিন, আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন, চুকনগর বাজার কমিটির সভাপতি মোঃ শাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক সরদার বিল্লাল হোসেনসহ ডুমুরিয়া থানা পুলিশ উপস্থিত ছিলেন।