
ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়ন-৫৮ (বিজিবি) কর্তৃক মাদকবিরোধী অভিযান ও সীমান্তে আটক বাংলাদেশিদের ফিরিয়ে আনার পৃথক দুইটি ঘটনা ঘটেছে।
বিজিবি জানায়, ৮ আগস্ট সকালে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ রাজাপুর দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭২/১-এস হতে প্রায় ১০০ গজ বাংলাদেশের ভেতরে মানিকপুর গ্রামের মো. সাজ্জাদের আমবাগানে হাবিলদার মো. আব্বাস আলী খন্দকারের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় আসামিবিহীন ৪৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
একই দিনে সকাল ৯টা ৩০ মিনিটে ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের অধীনস্থ শীলবাড়ি ক্যাম্প কমান্ডার কুমিল্লাপাড়া বিওপি কমান্ডারকে জানান যে, অবৈধভাবে ভারতে অবস্থানরত এক বাংলাদেশি শিশু সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফের হাতে আটক হয়। বিজিবি পরিচয় নিশ্চিতের পর দুপুর ১টায় সীমান্ত পিলার ৬০/৪৫-আর এর কাছে শুন্য লাইনে পতাকা বৈঠকের মাধ্যমে শিশুটিকে গ্রহণ করে। বর্তমানে তাকে জাস্টিস অ্যান্ড কেয়ার, যশোর শাখার নিকট সোপর্দের প্রক্রিয়া চলছে।
পরে দুপুর ২টার দিকে জোড়পাড়া বিএসএফ ক্যাম্প কমান্ডার বাঘাডাঙ্গা বিওপি কমান্ডারকে জানান, অবৈধভাবে ভারতে অবস্থানরত আরও এক বাংলাদেশি সীমান্ত অতিক্রমের সময় বিএসএফের হাতে আটক হয়েছে। বিকেল ৩টা ৫৫ মিনিটে সীমান্ত পিলার ৬০/৩১-আর এর কাছে পতাকা বৈঠকের মাধ্যমে ওই ব্যক্তিকেও বিজিবি গ্রহণ করে এবং তাকে জাস্টিস অ্যান্ড কেয়ারের যশোর শাখায় সোপর্দের প্রক্রিয়া চলছে।