
আশুলিয়ার জামগড়ায় পল্লী চিকিৎসকদের সমন্বয়ে গঠিত সমাজকল্যাণ সংস্থার অভিষেক ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা আশুলিয়া বিসিডিএস-এর উপশাখা কার্যালয়ে আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জামগড়া পল্লী চিকিৎসক সমাজকল্যাণ সংস্থার সভাপতি ইসমাইল হোসেন মোল্লার সভাপতিত্বে কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাভার উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈন উদ্দিন বিপ্লব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মিনি আক্তার, ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুল হাই, সাধারণ সম্পাদক আলহাজ্ব দিলোয়ার হোসেন এবং সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন মোল্লা।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট শিল্পপতি মোঃ শহীদ উদ্দিন ভূঁইয়া। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ উদ্যোক্তা রোমান ভূঁইয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আশুলিয়া থানার সেক্রেটারি আবুল হোসেন মীর এবং জেপার উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোহাম্মদ আলী মুন্সি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থার সাধারণ সম্পাদক, ব্যবসায়ী ও সাংবাদিক মোহাম্মদ জহিরুল ইসলাম খান লিটন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, জামগড়া পল্লী চিকিৎসক সমাজকল্যাণ সংস্থা ২০০৩ সাল থেকে সাধারণ মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে মহামারি করোনাকালে সংগঠনটির সদস্যরা মানবিক সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
এ সময় বক্তারা পল্লী চিকিৎসকদের উদ্দেশ্যে সতর্ক করে বলেন, যে ওষুধ নিজে বা নিজের পরিবারের সদস্যদের খাওয়ানো যাবে না, সে ধরনের ওষুধ রোগীদেরও প্রদান বা বিক্রি করা থেকে বিরত থাকতে হবে।
সবশেষে সভাপতি ইসমাইল হোসেন মোল্লা সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।