
আজ ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। বাঙালি জাতির বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের আত্মত্যাগ ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে এই দিনে বাঙালি জাতি ছিনিয়ে এনেছিলো লাল সবুজের পতাকা। তাই তো জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে জনসাধারণের ঢল নেমেছে জাতীয় স্মৃতিসৌধে।
জাতীয় স্মৃতিসৌধে বিজয়ের ৫২ বছর উদযাপন উপলক্ষে সকাল থেকেই উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে স্মৃতিসৌধ চত্বর ও আশপাশের এলাকায়।
এ সময় বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও স্কুল-কলেজ ছাড়াও বীর শহিদদের শ্রদ্ধা জানাতে এসেছেন নানান শ্রেণি-পেশার মানুষজন। এ সময় স্মৃতিসৌধে আগত মানুষদের বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে উঠেছে জাতীয় স্মৃতিসৌধ চত্বর।
এর আগে শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টা ৩৪ মিনিটে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপ্রধান ও প্রধানমন্ত্রী।
এসময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি সুসজ্জিত দল তখন রাষ্ট্রীয় সালাম জানায়। এসময় বিউগলে বেজে ওঠে করুণ সুর।
শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপ্রধান ও প্রধানমন্ত্রী সাভারের জাতীয় স্মৃতিসৌধ চত্বর ত্যাগ করার পরে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এতে বিপুল সংখ্যক জনসাধারণের আগমন ঘটে জাতীয় স্মৃতিসৌধ চত্বরে।এতে লাখ মানুষের সমাগম ঘটে স্মৃতিসৌধ চত্বর এলাকায়। এ সময় বিভিন্ন ব্যক্তি ও সামাজিক সংগঠন, রাজনৈতিকদল, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সমূহ শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
অন্যদিকে, দিবসটি উপলক্ষে সাভারের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচী পালন করছে।