
কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই কাপড় ও মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে ৯০ কেজি গাঁজাসহ ভারতীয় শাড়ি, থ্রি-পিস, রেডবুল ও মুভ মলম জব্দ করা হয়। উদ্ধার করা চোরাচালানি পণ্যের মূল্য প্রায় ৯৩ লাখ টাকা।
রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেন বিজিবি-১০ ব্যাটালিয়ন, কুমিল্লার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করছে বিজিবি। এরই ধারাবাহিকতায় রোববার ভোররাতে চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা বিওপির একটি টহলদল সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালায়। এ সময় নোয়াপুর নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ৯০ কেজি গাঁজা জব্দ করা হয়।
এদিকে একই সময়ে শিবেরবাজার বিওপি ও কটকবাজার পোস্টের বিশেষ টহল দল পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে চৌয়ারা বাজার ও পালপাড়া এলাকায় মালিকবিহীন অবস্থায় একটি যানবাহনসহ বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য জব্দ করা হয়।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, থ্রি-পিস, রেডবুল ও মুভ মলম। বিজিবির হিসাবে এসব চোরাচালানি পণ্যের আনুমানিক মূল্য ৯২ লাখ ৯০ হাজার ৫০০ টাকা।
বিজিবি-১০ ব্যাটালিয়নের মিডিয়া বিভাগ জানিয়েছে, জব্দ করা চোরাচালানি পণ্য বিধি অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে। একই সঙ্গে উদ্ধার করা গাঁজা পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে ধ্বংস করা হবে।
সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্টরা।