
স্বচ্ছতা, জবাবদিহিতা, উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও চাহিদা নিরুপনে জন অংশগ্রহণমূলক ’ স্লোগানে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ১ নং দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মে) ইউনিয়ন পরিষদ চত্বরে এ উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়। এসভায় ৬ কোটি ৮৭ লক্ষ ৭৮ হাজার ৫০৫ টাকার বাজেট ঘোষণা করা হয়।
দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল’র সভাপতিত্বে ও ইউপি সচিব মোঃ মেনামুল হাসান মিন্টু'র সঞ্চালনায় উন্মুক্ত বাজেট সভায় এসময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: আফরোজা রাব্বানী, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান মো. জামাল মোল্লাসহ ও মহিলা সদস্যসহ সুধী সমাজের প্রতিনিধিগণ ও গণমাধ্যমকর্মীবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতেই গত অর্থবছরের বাজেটের আয়-ব্যয় এবং এবছরের বাজেটের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বক্তব্য দেন ১ নং দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল। পরবর্তীতে চেয়ারম্যান ও সকল সদস্য এর সম্মতিক্রমে বাজেট পাঠ করে শোনান ইউনিয়ন পরিষদের সচিব মো. মেনামুল হাসান মিন্টু।