
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক দল এবং সাংবাদিক একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে গোয়ালন্দ উপজেলা মাঠে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল হুদা। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান।

খেলায় মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক দল ৪-২ গোলে সাংবাদিক একাদশকে পরাজিত করে। টানটান উত্তেজনাপূর্ণ এ ম্যাচে দুই দলের খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণ দর্শকদের আনন্দিত করে।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, সাবেক সভাপতি মো. সুলতানুল ইসলাম মুন্নু, সাবেক সদস্যসচিব মো. নাজিরুল ইসলাম তিতাস, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. রেজাউল হাসান মিঠুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।
খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে শুভেচ্ছা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান,এ ধরনের আয়োজন প্রশাসন, মুক্তিযোদ্ধা,রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য,সম্প্রীতি ও পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় করবে।