
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম মো. নুরু খাঁ (৪০)। তিনি উপজেলার পূর্ব উজানচর এলাকার ভোলাই মাতুব্বর পাড়ার বাসিন্দা এবং মৃত দুলাল খাঁর ছেলে।
শনিবার (১৪ মার্চ) রাতে গোয়ালন্দ ঘাট থানার একটি দল অভিযান চালিয়ে নতুন ব্রিজ এলাকা থেকে তাকে আটক করে। অভিযানে নেতৃত্ব দেন এসআই মো. নাজিম উদ্দিন। এ সময় তার সঙ্গে এসআই রবিউল ইসলাম, এসআই মো. ফরিদ মিয়া ও এএসআই মো. আজিজুল হকসহ পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, গ্রেফতারকৃত নুরু খাঁর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি ও ডাকাতির প্রস্তুতি সংক্রান্ত মোট পাঁচটি মামলা বিচারাধীন রয়েছে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন এলাকায় ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তার গ্রেফতারের ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।