
খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল' এই প্রতিপাদ্যে রাজবাড়ীর গোয়ালন্দে রাকিব স্মৃতি সংঘ নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ এপ্রিল) রাত ৯ টায় রাকিব স্মৃতি সংঘের আয়োজনে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ওমর আলী মোল্লা পাড়া গার্ডেন ফিল্ডে এ খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় রাকিব স্মৃতি সংঘ বনাম এ.কে.আর স্টার ক্লাব একে অপরের মুখোমুখি হয়।
শুরুতে রাকিব স্মৃতি সংঘ টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন এবং নির্ধারিত ১২ ওভারে সব কয়টি উইকেটের বিনিময়ে ২৪ রান সংগ্রহ করতে সক্ষম হন। ২৫ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে এ.কে.আর স্টার ক্লাব ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনালে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা মুন্সী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও নগদ ৫ হাজার টাকা ও রানার আপ দলকে ট্রফি ও নগদ ৩ হাজার টাকার প্রাইজ মানি পুরষ্কার হিসাবে তুলে দেন।
এসময় ফাইনাল খেলা উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফকীর আমজাদ হোসেন, দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রশিদ টিটু, দৌলতদিয়া ইউপি ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. ফরহাদ হোসেন, গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা ও গোয়ালন্দ ফুটবল একাডেমীর চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন, দৌলতদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা ঠান্ডু, সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন লিমন প্রমূখ।
খেলায় ম্যান অব দ্যা ম্যাচ ও সিরিজ নির্বাচিত হন এ.কে.আর স্টার ক্লাবের অপু এবং সর্বোচ্চ উইকেট সংগ্রাহক নির্বাচিত হন রাব্বি।
আয়োজক কমিটির নাইমুর রহমান রাহুল ও মো. রাব্বি হাসান'র সঞ্চালনায় খেলায় সভাপতিত্ব করেন টুর্নামেন্টের আহবায়ক ইব্রাহিম খলিল।
ধারাভাষ্যের দায়িত্বে ছিলেন প্রপার হাই স্কুলের সহকারি শিক্ষক মো. শফিক মন্ডল।