
রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলের দরবার শরীফে হামলা, সংঘর্ষ, অগ্নিসংযোগ এবং কবর থেকে মরদেহ উত্তোলন করে মহাসড়কে এনে পোড়ানোর ঘটনায় গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদলির পর এবার বদলি করা হলো উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও।
যদিও জেলা সহকারী পুলিশ সুপার (এএসপি) মোস্তফা আল রাজীব এক প্রেসনোটে জানিয়েছেন, গোয়ালন্দ থানার ওসির বদলি পুলিশের নিয়মিত কাজের অংশ মাত্র। দাপ্তরিক কাজের স্বার্থে তাকে জেলা পুলিশ অফিসের ক্রাইম শাখায় বদলি করা হয়েছে। এ নিয়ে যেন কেউ বিভ্রান্তি বা গুজব না ছড়ায়—সে বিষয়ে অনুরোধও জানান তিনি।
উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর (শুক্রবার) নুরাল পাগলের কবর উঁচু থেকে নিচু করার দাবিসহ বিভিন্ন দাবিতে জুম্মার নামাজের পর ‘ইমান আকিদা রক্ষা কমিটি’র ব্যানারে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী মুক্তিযোদ্ধা শহীদ ফকীর মহিউদ্দিন আনসার ক্লাবে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ শেষে জনতা দরবারের দিকে যেতে চাইলে স্থানীয় প্রশাসন ও পুলিশ বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়। এ সময় বিক্ষুব্ধরা উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি গাড়ি, অতিরিক্ত পুলিশ সুপার ও ওসির গাড়ি ভাঙচুর করে। একই সঙ্গে পাঁচ পুলিশ সদস্য ও দুই প্রশাসনিক কর্মকর্তাকে পিটিয়ে এবং ইটপাটকেল ছুঁড়ে আহত করে।
পরে বিক্ষুব্ধ জনতা দরবারের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ভবন ও দরবার শরীফে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে প্রায় অর্ধশত মানুষ আহত হন। তাদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এক পর্যায়ে তৌহিদী জনতা নুরুল হক ওরফে নুরাল পাগলের মরদেহ কবর থেকে উত্তোলন করে ঢাকা-খুলনা মহাসড়কের পদ্মার মোড় এলাকায় নিয়ে পুড়িয়ে দেয়। ওই রাতেই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নুরাল পাগলের ভক্ত রাসেল মোল্লা (২৮) মারা যান। এ ঘটনায় সারা দেশব্যাপী নিন্দার ঝড় ওঠে।
আলোচিত এই ঘটনার জেরে গোয়ালন্দ ঘাট থানার ওসিকে বদলির পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমানকে বানিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি উন্নয়ন ব্যুরোর উপপরিচালক পদে বদলি করা হয়েছে।