
রাজবাড়ীর গোয়ালন্দ বাজারের আড়ত পূট্রি
পাট ও ভুষা মাল ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠানে সামনের রাস্তায় দীর্ঘদিনের পানি জমে থাকা ও নিষ্কাশন সমস্যার সমাধান খুঁজতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৩ আগষ্ট) সকালে গোয়ালন্দ আড়ত পূট্রি অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন গোয়ালন্দ পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মজিবুর রহমান মোল্লা। এতে বাজারের আড়তদার, পাইকারি
ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় ব্যবসায়ীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বাজার এলাকায় বৃষ্টির পানি ও ময়লা-আবর্জনা জমে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এতে ব্যবসা পরিচালনায় চরম ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে। তারা দ্রুত ড্রেনেজ ব্যবস্থা সংস্কার ও পানি নিষ্কাশনের টেকসই ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সভায় মজিবর রহমান মোল্লা বলেন, "এই সমস্যা নতুন নয়। আমরা একাধিকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি। ব্যবসায়ীদের সম্মিলিত উদ্যোগে আবারও উপজেলা প্রশাসনের কাছে দাবি জানাবো যেন দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হয়।"
আলোচনা শেষে ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদল ইউএনও বরাবর স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নেয়।