
খাগড়াছড়ির গুইমারা উপজেলার তৈমাতাই খালের পানিতে ডুবে অপু বিশ্বাস ত্রিপুরা ও চন রঞ্জণ ত্রিপুরা নামে ভাই-বোনের মৃত্যু হয়েছে। রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেলের দিকে গুইমারার তৈমাতাই এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত অপু বিশ্বাস ত্রিপুরা (৭) ও চন রঞ্জণ ত্রিপুরা (৫) গুইমারা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ক্যামরুন পাড়ার বাসিন্দা নজমোহন ত্রিপুরার ছেলে-মেয়ে ।
স্থানীয় সুত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় মা-বাবা অন্যের জমিতে কাজ করতে যায়। বিকালের দিকে বাড়িতে এসে ছেলে-মেয়েকে খোজাখুজি করে না পেয়ে বাড়ির পাশে তৈমাতাই খালে গোসল করতে গিয়ে প্রথমে মেয়েকে দেখতে পায়। আরেকটু সামনে গিয়ে ছেলেকেও খালে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে।
পরে স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে সন্ধ্যা ৭টার দিকে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
গুইমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা তৈমাতাই খালের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিষয়টিকে অত্যন্ত দু:খ জনক উল্লেখ করে গুইমারা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কর বলেন, অভিভাবকদের সন্তানদের প্রতি আরো দায়িত্বশীল হওয়া প্রয়োজন ছিল।