
দিনাজপুরের খানসামা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মাঝে চলতি ২০২৪-২৫ অর্থবছরে খরিফ-১ মৌসুমে উফশী আউশ ও গ্রীস্মকালীন প্রণোদনার সার ও বীজ বিতরণ করা হয়েছে।
২৪ মার্চ সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন আক্তার এর সভাপতিত্বে প্রণোদনার সার ও বীজ বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান সরকার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. রতন কুমার ঘোষ,উপজেলা মৎস্য কর্মকর্তা শাম্মী আখতার,উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ রেজাউল করিম।
উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন আক্তার জানান, চলতি অর্থবছরে খরিফ-১ মৌসুমে উফশী আউশ ও গ্রীস্মকালীন মুগডাল ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এ বছর উপজেলায় মোট ৫০০ জন কৃষকের মধ্যে উফশী আউশ এবং ২০ জন কৃষককে গ্রীস্মকালীন মুগডাল প্রণোদনা বিতরণ করা হবে।
কর্মসূচির আওতায় আউশ ফসলে একজন কৃষক প্রতি ১ বিঘা জমির জন্য ৫ কেজি বীজ,ডিএপি সার ১০ কেজি ও এমওপি ১০ কেজি এবং গ্রীস্মকালীন মুগডাল ফসলে বিঘা প্রতি ৫ কেজি বীজ, ডিএপি ১০ কেজি ও এমওপি সার ৫ কেজি বিনামূল্যে বিতরণ করা হবে।