
ব্যবসায়িক কাজে কুষ্টিয়া গিয়ে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মো. রনজে খা (৪৫) নামে এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। তিনি রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য ছিলেন।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়া থেকে দৌলতদিয়া ঘাটগামী একটি লোকাল বাসে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্র ও বাসযাত্রীদের বরাতে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে মো. রনজে খা কুষ্টিয়ার চৌরহাস মোড় এলাকা থেকে দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্যে একটি লোকাল বাসে ওঠেন। বাসটি পথিমধ্যে চলাকালে হঠাৎ তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি টের পেয়ে যাত্রীরা তাকে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন। তবে অবস্থার অবনতি হলে সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের চাচা আরশেদ আলী জানান, “গতকাল রনজে বাড়ি থেকে কুষ্টিয়ায় গিয়েছিল ব্যবসার টাকা আনতে। আজ সন্ধ্যায় খবর পাই গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। পরে ছবি দেখে আমরা রনজেকে শনাক্ত করি। এখন তার লাশ আনতে গোয়ালন্দ যাচ্ছি।”
গোয়ালন্দ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশিদুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞান পার্টির কোনো চক্র চেতনানাশক প্রয়োগ করে তাকে অচেতন করে সর্বস্ব লুটে নিতে পারে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এটি অজ্ঞান পার্টির ঘটনা কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে