
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার উত্তর মীরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মহিব-উল ইসলামকে জোরপূর্বক অপসারণ ও প্রাননাশের হুমকি প্রদানের অভিযোগ উঠেছে ঐ বিদ্যালয়ের এক শিক্ষক ও তিন ম্যানেজিং কমিটির সদস্যদের বিরুদ্ধে।
বুধবার (২৪ জানুয়ারি) দুপুর ৩.০০ টার সময় বিদ্যালয় চলাকালীন সময়ে এই ঘটনা ঘটে।
অভিযুক্ত শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা হলেন,মোঃ এনামুল হক মিলন (সহকারী শিক্ষক),
মোঃ আইনুল শেখ, আপন ফারাজী ও এনামুল হক ফারাজী।
ঘটনার বিবরণ দিতে গিয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহিব-উল ইসলাম জানান,আজ (বুধবার) দুপুরে অত্র বিদ্যালয়ের এক শিক্ষক ও তিন জন ম্যানেজিং কমিটির সদস্য আমার অফিস কক্ষে এসে ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়ে অপসারণ পত্রে স্বাক্ষর করানোর জন্য আমার গায়ে হাত তুলে এবং প্রাণনাশের হুমকি দেয়। আমি ইতিমধ্যে এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর ও প্রশাসন বরাবর অভিযোগ পত্র জমা দিয়েছি।
স্থানীয় সূত্রে আরো জানা যায়, এনামুল হক মিলনের নেতৃত্বেই এই ঘটনা ঘটেছে। এই সহকারী শিক্ষকের বিরুদ্ধে দুটি হত্যা মামলাও চলমান বলে জনস্রোত আছে।
অভিযুক্ত ব্যক্তিদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের কাছ থেকে এই বিষয়ে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে স্থানীয় সূত্রে জানা যায়, এই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনের মধ্যে দুটি গ্রুপের সৃষ্টির হয়,সেই কমিটি নির্বাচনের গ্রুপিং রাজনীতির প্রভাবেই এমন ঘটনা ঘটেছে।
এ বিষয়ে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এনামুল হক মঞ্জু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই বিদ্যালয়ের সহকারী শিক্ষক এনামুল হক মিলন বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে অধিষ্ঠিত হওয়ার আশায় কয়েকজন ম্যানেজিং কমিটির সদস্যকে সাথে নিয়ে এমন হীনমন্যতা সাহস দেখিয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এজাজ কায়সার বলেন, মুঠোফোনে এই ঘটনা সম্পর্কে প্রধান শিক্ষক বিষয়টি আমাকে জানিয়েছেন, এখন পরিস্থিতি শান্ত আছে, আগামীকাল লিখিত অভিযোগ দেখে তদন্ত করে মূলত ঘটনা কি ঘটেছে জানতে পারবো।
এবিষয়ে কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুবুল হক বলেন, এই ঘটনায় এখনো কোন লিখিত অভিযোগ পায়নি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।