
কুড়িগ্রামে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মোটরসাইকেল ও ট্রাক এর সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। ধরলা ব্রিজ পশ্চিম পাড় ঠ্যানারি পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পৌর শহরের পলাশবাড়ী বানিয়া পাড়া গ্রামের ঠিকাদার আব্দুল ওয়াদুদের ছেলে সাদমান সাদিক ও ভেলাকোপা গ্রামের শিক্ষক মো. নুর ইসলামের ছেলে হাজ্জাজ বিন হিমু।
সাদিক কুড়িগ্রাম সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী এবং হিমু কুড়িগ্রাম পুলিশ লাইন স্কুলের শিক্ষার্থী।কুড়িগ্রাম সদর থানার ওসি (তদন্ত) মো. আবু সাইদ সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।
চালক পালিয়ে গেছে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’স্থানীয়রা জানান, সাদিক ও হিমু দুই বন্ধু। গতকাল সন্ধ্যা ৭টার দিকে মোটরসাইকেল নিয়ে ধরলা ব্রিজ পাড়ের উদ্দেশ্যে রওনা হয়।
ব্রিজের পশ্চিম পাড় ঠ্যানারি পাড়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা একটি ট্রাকের ভিতরে ঢুকে পড়ে।
এসময় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। পরে মোটরসাইকেলেটির ভিতর থেকে দুজনকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠালে চিকিৎসক সাদিককে মৃত ঘোষণা করেন।
হিমুকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।