
রাজবাড়ীর কালুখালী উপজেলায় ২২ বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী যুবতীর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তিনি উপজেলার চাঁদপুর এলাকার এক কবিরাজের কন্যা।
পরিবার সূত্রে জানা যায়, যুবতীর শারীরিক পরিবর্তন লক্ষ্য করে প্রথমে স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। বিষয়টি পরে থানা পুলিশের নজরে আসে। কালুখালী থানার অফিসার ইনচার্জ মো. মোশাররফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে ওই যুবতীর ডাক্তারি পরীক্ষার পরামর্শ দেন।
এরপর গত ১ এপ্রিল ২০২৬ তারিখে যুবতীর বাবা তাকে রাজবাড়ীর একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসকরা নিশ্চিত করেন, তিনি প্রায় ৯ মাসের অন্তঃসত্ত্বা।
ঘটনাটি প্রকাশ্যে আসার আগেই স্থানীয়ভাবে কবিরাজের ‘দালাল’ হিসেবে পরিচিত ফজলু এলাকা থেকে পালিয়ে যাওয়ায় তাকে ঘিরে সন্দেহ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দা আখের আলী জানান, “ফজলু প্রায়ই সময়ে-অসময়ে ওই বাড়িতে যাতায়াত করত। শুরু থেকেই তাকে সন্দেহ করা হচ্ছিল, এখন পালিয়ে যাওয়ায় সন্দেহ আরও জোরালো হয়েছে।”
এদিকে কালুখালীর রতনদিয়া এলাকায় ফজলুর বাড়িতে গিয়ে তালাবদ্ধ পাওয়া গেছে। স্থানীয় আরেক বাসিন্দা মিরা রানী বলেন, “ঘটনার সঙ্গে জড়িত থাকার আশঙ্কায় সে প্রায় ছয় দিন আগে এলাকা ছেড়ে ফরিদপুরে চলে গেছে।”
ফজলুর ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া গেছে।
এ ঘটনায় পুরো এলাকায় তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।