
চার শতাধিক বছরের পুরোনো একটি যৌনপল্লী উচ্ছেদের বাস্তব ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমা ‘রঙবাজার’। নির্মাতা রাশিদ পলাশ পরিচালিত এ সিনেমার গল্প লিখেছেন তামজিদ অতুল এবং চিত্রনাট্য করেছেন গোলাম রাব্বানী।
মূলত কোরবানির ঈদের পর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা ছিল। তবে মুক্তির আগেই এর সম্পূর্ণ এইচডি সংস্করণ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ভিডিওটি সরানোর চেষ্টা করেও সফল না হওয়ায় শেষ পর্যন্ত ওটিটিতে মুক্তির সিদ্ধান্ত নেয় প্রযোজনা প্রতিষ্ঠান।
এরই ধারাবাহিকতায় রোববার (১৭ মে) থেকে ওটিটি প্ল্যাটফর্ম ‘সিনেমেটিক’-এ স্ট্রিমিং শুরু হয়েছে ‘রঙবাজার’।
নির্মাতা রাশিদ পলাশ জানান, পাইরেসির কারণে বাধ্য হয়েই সিনেমাটি ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি দিতে হয়েছে। বড়পর্দায় মুক্তির পরিকল্পনা থাকলেও পরিস্থিতির কারণে সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
লাইভ টেকনোলজিস প্রযোজিত সিনেমাটির বেশিরভাগ দৃশ্য ধারণ করা হয়েছে দৌলতদিয়া যৌনপল্লীতে। এতে অভিনয় করেছেন পিয়া জান্নাতুল, শম্পা রেজা, নাজনীন হাসান চুমকী, তানজিকা আমিন, মৌসুমী হামিদ, লুৎফর রহমান জর্জ, মাহমুদুল ইসলাম মিঠুসহ আরও অনেকে।