
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ফরিদপুর-১ আসনের সম্ভাব্য বিএনপি দলীয় প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান মনির দলীয় প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন।
এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে তিনি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সদর বাজার এলাকায় পথসভা ও গণসংযোগ করেন।
পথসভায় মনিরুজ্জামান জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের জীবনযাপন ও এলাকার সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন।
তিনি বলেন, "বর্তমান সরকার মানুষের মৌলিক অধিকার হরণ করেছে। সাধারণ জনগণ আজ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত।" তিনি আরও বলেন, "দলীয় মনোনয়ন পেলে ফরিদপুর-১ আসনের সার্বিক উন্নয়নে কাজ করবো, জনগণের কথা সংসদে তুলে ধরবো।"
পথসভায় তার সঙ্গে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আকরামুজ্জামান, দাদপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জাবের আলী বিশ্বাস,গাজনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবিদ মোস্তফা তাজ, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের নেতা লায়ন মাসুদ পারভেজ, পৌর শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ কাইয়ুম শিকদার, বিএনপি নেতা মোঃ আতিকুল্লাহ আতিকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
পথসভা সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবক দল নেতা লায়ন মাসুদ পারভেজ। সভা শেষে মনিরুজ্জামান উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহজালাল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।