
সাভারের আশুলিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস চাপায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা স্টার্লিং লন্ডি গার্মেন্টস এর শ্রমিক সিমা আক্তার (২৭) নামের এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।
শুক্রবার (৫ এপ্রিল) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নয়ারহাট এলাকার স্টারলিং পোশাক কারখানার পাশে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সিমা আক্তার কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার মৃত আবু বক্কর সিদ্দিক ভুঁইয়ার মেয়ে। তিনি স্টাইলিং পোশাক কারখানার নতুন ভবনের ২২ নম্বর লাইনে কাজ করতেন।
হাইওয়ে পুলিশ জানায়, বিকেলে কারখানা ছুটি শেষে সড়কের পাশে বাসের অপেক্ষা করছিলেন সিমা আক্তার। এসময় নামবিহীন একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সীমা আক্তারকে চাপা দেয়। এসময় সিমা গুরুতর আহত হলে তাকে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাভার হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আক্তার বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারে খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এঘটনায় দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়।