
শিল্পাঞ্চল আশুলিয়ায় দিন-দুপুরে প্রকাশ্যে ছুরিকাঘাত করে পোশাক শ্রমিক কুইন আক্তার হত্যা মামলার প্রধান আসামি বাবুল হোসেন মন্ডলকে (৩৫) আটক করেছে র্যাব-৪। আটকের পর তাকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
শনিবার দুপুরে আশুলিয়া থানা থেকে আটক বাবুলকে ঢাকা আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাতে রাজধানীর মিরপুরের কোটবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-৪ এর সিপিসি-২ এর একটি দল।
হত্যার শিকার কুইন আক্তার নওগাঁ জেলার সদর থানার ফতেপুর গ্রামের মো. কুদ্দস মিয়ার মেয়ে। আটক বাবুল একই এলাকার বাসিন্দা।
র্যাব-৪ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বাবুলের সাথে ২০০৮ সালে কুইন আক্তার (৩০)-এর বিবাহ হয়। তাদের ঘরে ১০ বছরের ছেলে আছে। ২০১৪ সালে আশুলিয়ায় একই গার্মেন্টসে চাকরি শুরু করে তারা। দুই বছর পর তারা দাম্পত্য কলহের কারণে আলাদাভাবে বসবাস করতে শুরু করেন। এক পর্যায়ে বাবুল দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের ঘটনা জানতে পেরে কুইন তার সাথে যোগাযোগ বন্ধ করে দেন।
র্যাব আরো জানায়, কুইনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হলে ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার পরিকল্পনা করেন বাবুল। সে অনুযায়ী ১৯ এপ্রিল সকাল ৭টার দিকে কুইন কারখানায় যাওয়া পথে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান বাবুল। গুরুতর আহত অবস্থায় কুইনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার এস আই নোমান সিদ্দিকী বলেন, 'ঘটনার দিন নিহতের পরিবার বাদী হয়ে আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত বাবুলকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হলে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। নিহতের পরিবারের দাবি কয়েক মাস আগে কুইন তার স্বামী বাবুলকে তালাক দিয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ থেকেই এই হত্যাকাণ্ড।