
আশুলিয়ায় পোশাক কারখানায় ভাংচুর, অগ্নিসংযোগ ও সিকিউরিটি গার্ডকে মারধরের ঘটনায় দুইজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে যৌথ বাহিনী।
শনিবার (১৬ আগস্ট) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান।
এরআগে শুক্রবার সন্ধ্যার দিকে আশুলিয়ার ঘোষবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে রাতে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়।
আটককৃতরা হলো-রংপুর জেলার বদরগঞ্জ থানার উত্তর বাউচার এলাকার আকতারুল ইসলামের ছেলে মতিউর রহমান (২৮) ও নীলফামারী জেলার ডিমলা থানার দোহারপাড়া এলাকার আমিনুর রহমানের ছেলে তৌহিদুল ইসলাম (২৫) । তারা উভয়ে আশুলিয়ায় ঘোষবাগ এলাকায় ভাড়া বাসায় থাকতো বলে জানা যায়।
পুলিশ জানায়,গত বৃহস্পতিবার আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় অনন্ত গ্রুপের একটি পোশাক কারখানায় ভাংচুর, অগ্নিসংযোগ ও সিকিউরিটি গার্ডকে মারধরের ঘটনায় অজ্ঞাতনামা আসামী করে একটি মামলা দায়ের করেন কারখানা কর্তৃপক্ষ। পরে শুক্রবার সন্ধ্যার দিকে যৌথ বাহিনীর একটি আভিযানিক দল আশুলিয়ার ঘোষবাগ এলাকায় অভিযান পরিচালনা করে দুইজনকে গ্রেপ্তার করে।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, পোশাক কারখানায় ভাংচুর,অগ্নিসংযোগ ও সিকিউরিটি গার্ডকে মারধরের ঘটনায় গ্রেপ্তার দুইজনকে রাতে থানায় হস্তান্তর করেছেন যৌথ বাহিনী। শনিবার সকালে তাদেরকে আদালতে পাঠানো হবে।