দীর্ঘদিন পর ফরিদপুরের আলফাডাঙ্গা বাজার বণিক সমিতির নির্বাচনকে ঘিরে ব্যবসায়ীদের মাঝে বিরাজ করছে উৎসাহ ও উদ্দীপনা। আগামী ১৯ জুলাই অনুষ্ঠিতব্য এই নির্বাচনে ৪টি পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ১১ জন প্রার্থী।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. আবুল বাসার শেখ, আ. সালাম শেখ, মিজানুর রহমান ও মো. সিরাজুল হক। সাধারণ সম্পাদক পদে রয়েছেন মো. ইস্রাফিল মোল্লা, সৈয়দ আরিফুজ্জামান ও মোস্তাফিজুর রহমান। সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়ন জমা দিয়েছেন মো. ইয়ার আলী ও মনিরুল ইসলাম। কোষাধ্যক্ষ পদে রয়েছেন বায়েজিদ মোল্লা ও কামরুল ইসলাম দাউদ।
বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১০টা থেকে দুপুর ২টার মধ্যে প্রার্থীরা সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেন। ফরম গ্রহণ করেন নির্বাচন কমিশনের প্রধান মো. খোশবুর রহমান খোকন।
মনোনয়ন জমা শেষে প্রার্থীরা বাজারে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন। সভাপতি পদপ্রার্থী আবুল বাসার শেখ বলেন, “আমার প্রয়াত পিতা নজির মিয়া দীর্ঘদিন বণিক সমিতির সভাপতি ছিলেন। তার আদর্শ বুকে নিয়ে আমি ব্যবসায়ীদের সেবা করতে চাই।”
আগামী ২৬ জুন প্রতীক বরাদ্দ করা হবে। একই প্রতীকের জন্য একাধিক প্রার্থী আগ্রহ দেখালে লটারির মাধ্যমে বরাদ্দ দেওয়া হবে।