
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে “শান্তি, শৃঙ্খলা উন্নয়নে এবং সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা” শীর্ষক এক জনসচেতনতামূলক অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সমাজে শান্তি প্রতিষ্ঠা, সামাজিক শৃঙ্খলা রক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধিতে যুবসমাজকে আরও কার্যকরভাবে সম্পৃক্ত করার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.) বিকাল ৩টায় আলফাডাঙ্গা উপজেলা প্রশাসনের মিনি কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রিফাত নুর মৌসুমী সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর, ফরিদপুরের উপপরিচালক জনাব এ. এস. এম. মঈনুল আহসান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের উন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় যুবসমাজই সবচেয়ে বড় শক্তি। সঠিক পরিকল্পনা, দিকনির্দেশনা ও প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের উৎপাদনমুখী কাজে যুক্ত করা গেলে একটি শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গঠন করা সম্ভব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি) এ, কে, এম রায়হানুর রহমান, আলফাডাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব ডা. ভবেন বাইন এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব এ. কে. এম. মাসুদুল হাসান। বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং যুবদের সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আলফা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আজিজুর রহমান দুলাল এবং আলোর প্রত্যয় যুব সংঘের সভাপতি মো. রবিউল ইসলাম। তাঁরা বলেন, বর্তমান সময়ে সামাজিক অবক্ষয় রোধ, মাদকমুক্ত সমাজ গঠন এবং আইনশৃঙ্খলা রক্ষায় যুব সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবকদের সচেতন ও সংগঠন মূলক ভাবে কাজ করা।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যুব প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।