
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক শাহিন মোল্লা-কে বহিষ্কারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে উপজেলা ও ইউনিয়ন বিএনপির একাংশ। বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় সদর বাজারে এক ব্যক্তিগত কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বানা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ হাদী রতন লিখিত বক্তব্যে অভিযোগ করেন, শাহিন মোল্লা গত ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করেছেন। এছাড়া তিনি আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে বিএনপি নেতা-কর্মীদের ওপর নির্যাতন ও হয়রানি চালিয়েছেন বলেও অভিযোগ উঠে।
বক্তব্যে আরও বলা হয়, বর্তমানে শাহিন মোল্লা এলাকায় দখল ও শালিশ বাণিজ্যে জড়িত থেকে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন, যার ফলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। এসব অভিযোগের ভিত্তিতে তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবি জানানো হয়।
এ ব্যাপারে শাহিন মোল্লা বলেন, আমি ছোটবেলা থেকেই বিএনপির সাথে জড়িত আলফাডাঙ্গা বোয়ালমারী মধুখালীর বিএনপির নেতাকর্মীরা জানেন আমি কোন দলে করেছি বা কোন দল করি। আমার মান-সম্মান ক্ষুন্ন করার জন্যই তারা এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল মান্নান, বানা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হেমায়েত হোসেন, সাবেক প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম ছিরু সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের একাধিক নেতা।