
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল সোয়া ৫টায় আনুষ্ঠানিকভাবে পাঠ করবেন বহুল প্রতীক্ষিত ‘জুলাই ঘোষণাপত্র’।
সোমবার (৪ আগস্ট) তথ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই ঘোষণাপত্র চূড়ান্ত করা হয়েছে দেশের সাম্প্রতিক ইতিহাস, রাজনৈতিক প্রেক্ষাপট এবং বিভিন্ন রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে।
এর আগে রোববার (৩ আগস্ট) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, ঐতিহাসিক ‘৩৬ জুলাই’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পাঠ করা হবে এ ঘোষণাপত্র।
ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়, “৩৬ জুলাই—এক বছর আগে এই দিনে দেশের ইতিহাসে এক অনন্য গণ-অভ্যুত্থান সংঘটিত হয়, যা ফ্যাসিস্ট সরকারের পতনের পথ প্রশস্ত করে। বহু শহীদের আত্মত্যাগে বাংলাদেশ নতুন যাত্রা শুরু করে। সেই ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করে রাখতে জাতিকে উপহার দেওয়া হবে জুলাই ঘোষণাপত্র।”
অনুষ্ঠানটি সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দিনব্যাপী চলবে। বিকেল সোয়া ৫টায় ঘোষণাপত্র পাঠের পর রাত ৮টায় জনপ্রিয় ব্যান্ড দল ‘আর্টসেল’-এর পরিবেশনা থাকবে।
আয়োজনে রয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, ব্যবস্থাপনায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং সহযোগিতায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।
জানা গেছে, ঘোষণাপত্রে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির বিষয়টি অন্তর্ভুক্ত করতে অন্তর্বর্তী সরকার বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেছে।